মেলান্দহে পুকুরে ভেসে উঠল মামা-ভাগিনার মরদেহ, এলাকায় শোকের ছায়া
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার রায়েরবাকাই এলাকায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১১টার দিকে তাদের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ দুটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
নিহতরা হলো রায়েরবাকাই গ্রামের মন্জু মিয়ার ছেলে সিফাত (১০) এবং রফিকুল ইসলামের ছেলে আশরাফি হোসেন আন্নাস (৯)। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে রাত প্রায় ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারে শোকের মাতম বিরাজ করছে। তাদের অকাল মৃত্যুতে রায়েরবাকাই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহত দুই শিশুর মরদেহ তাদের নিজ বাড়িতে রাখা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করনে বলে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান।
