উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে হত্যাকাণ্ডের ৪ দিনের মাথায় প্রধান আসামি গ্রেফতার


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি :
জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় সংঘটিত আলোচিত হত্যা মামলার প্রধান আসামি আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। ঘটনার মাত্র চার দিনের মাথায় তাকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় পুলিশ বাহিনীর তৎপরতা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ তারিখে পূর্ব বিরোধের জেরে লক্ষীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এক নৃশংস হামলার ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম নিহত হন এবং তার স্ত্রী জুলেখা বেগম গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-১৫, তারিখ-০৬/০৬/২০২৬)।
মামলা রুজুর পরপরই জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় এবং জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিবের তত্ত্বাবধানে এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম গঠন করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (১০ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টায় গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার মাত্র চার দিনের মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা জামালপুর সদর থানা পুলিশের দক্ষতা, পেশাদারিত্ব এবং অপরাধ দমনে দৃঢ় অবস্থানের প্রমাণ। বিশেষ করে ওসি মোঃ নাজমুস সাকিবের নিবিড় তত্ত্বাবধান ও কার্যকর নেতৃত্বে পরিচালিত অভিযানের ফলে দ্রুত সময়ের মধ্যে এ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “জামালপুর জেলা পুলিশ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “আইন নিজের গতিতেই চলবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *