উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহের আদড়া ইউনিয়ন পরিষদে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের রিভিউ অ্যান্ড প্ল্যানিং মিটিং অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার আদড়া ইউনিয়ন পরিষদে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) এর রিভিউ অ্যান্ড প্ল্যানিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন সোমবার আদ্রা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করে উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL) প্রকল্প।
সভায় স্থানীয় পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা, জনসেবার মানোন্নয়ন, জলবায়ু সহনশীল উন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয় এবং সেগুলোর কার্যকর সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মিটিংয়ে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মেলান্দহ উপজেলা ম্যানেজার সুলতানা আক্তার এবং CALL প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ মিজানুর রহমান। তারা বলেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ করে পরিকল্পনা প্রণয়ন করলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও দীর্ঘস্থায়ী হবে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় সমস্যার সমাধানে এ ধরনের প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়।
সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের সদস্য, নারী প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ, বিভিন্ন খাতভিত্তিক উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা এবং অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *