জামালপুরে পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদন্ড অপর জনের যাবজ্জীবন
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার
জামালপুরে ধর্ষণ ও স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদন্ড অপর আরেকজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামে গত ২০১৫ সালের ৭ জুন গভীর রাতে এক মাদ্রাসা শিক্ষার্থীর শোবার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী রাজীব হোসেন (৩৮)। এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়।
অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক আরো জানান, একই উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামে ২০০৮ সালের ২৬ মে রাতে স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের দাবিতে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যা করে স্বামী আলাল সেক (৫২)।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে স্বামীকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদন্ডের আদেশ ঘোষণা করেন বিচারক। ঘটনার পর থেকেই আসামি উপজেলার রহিমপুর গ্রামের মজর উদ্দিনের ছেলে আলাল সেক পলাতক রয়েছে।
