মাদারগঞ্জের বালিজুড়ী ইউনিয়নে জরাজীর্ণ ইটের সড়ক স্থায়ী পাকাকরণের দাবি এলাকাবাসীর

মাদারগঞ্জ প্রতিনিধি মানিক ইসলাম:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উত্তর বওলা মিয়ার উদ্দিনের মোড় থেকে মির্জাপুর ব্রিজ পর্যন্ত দীর্ঘদিনের জরাজীর্ণ ইটের সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কের বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হলেও অবশেষে শুরু হয়েছে সংস্কার কার্যক্রম, যা এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টির কারণে সড়কটির বিভিন্ন স্থানে ইটের সলিংয়ের ঢাল নেমে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। অনেকেই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হন।
এ অবস্থায় স্থানীয়দের উদ্যোগে এবং ৪ নং বালিজুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক বজলুর রহমানের ব্যক্তিগত অর্থায়নে রাস্তার বিভিন্ন স্থানের বড় বড় খানাখন্দ ভরাট, মাটি ফেলে সমতলকরণ এবং চলাচল উপযোগী করার কাজ শুরু হয়েছে। বর্তমানে দ্রুতগতিতে সংস্কার কাজ চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম এলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হতে হয়। বিশেষ করে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে নানা সমস্যার সৃষ্টি হয়। সাম্প্রতিক ভারী বৃষ্টির পর পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ায় দ্রুত সংস্কারের দাবি জোরালো হয়ে ওঠে।
সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে এটি প্রশংসনীয় উদ্যোগ। তবে তারা সাময়িক সংস্কারে সন্তুষ্ট নন। এলাকাবাসীর দাবি, উত্তর বওলা মিয়ার উদ্দিনের মোড় থেকে মির্জাপুর ব্রিজ পর্যন্ত পুরো ইটের সড়কটি দ্রুত আরসিসি (কংক্রিট) বা বিটুমিনাস (পিচ) দিয়ে স্থায়ীভাবে পাকাকরণ করা হোক। তাদের মতে, প্রতি বর্ষা মৌসুমেই ইটের রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষের দুর্ভোগ বাড়ে। তাই টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে ৪ নং বালিজুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক বজলুর রহমান বলেন, “এটি আমার এলাকার মানুষের জন্য ছোট্ট একটি উদ্যোগ। জনগণের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ব্যক্তিগত অর্থায়নে রাস্তার সংস্কার কাজ শুরু করেছি। যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে সবসময় মানুষের পাশে থাকতে চাই। তবে এই গুরুত্বপূর্ণ সড়কটি স্থায়ীভাবে পাকাকরণ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।”
