জামালপুরমাদারগঞ্জ

জামালপুর মাদারগঞ্জের জেএমবির এক সদস্য গ্রেফতার 

 

   মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রায় ১২ বছর ধরে পলাতক ছিলেন।

মঙ্গলবার রাতে গাজীপুরের কাপাসিয়া থানার সনমানিয়া ইউনিয়নের গোস্বাবর গ্রামের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম হাজী মো. সোলায়মান ওরফে মুন্সি ইউনুছ আলী। তিনি মাদারগঞ্জ উপজেলার গোদা শিমুলিয়া এলাকার মৃত শরীফ মণ্ডল ওরফে রফিকুল ইসলামে ছেলে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক জানান, তার বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় মামলা রয়েছে।  

পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান সাংবাদিকদের জানান, গ্রেপ্তার ব্যক্তি ২০১১ সাল থেকে প্রায় ১২ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। জেএমবির সক্রিয় সদস্য হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে কাজ করে আসছিলেন। 

তিনি জানান, ২০১১ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থানার ছালরা এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তার সহযোগী সমর আলীকে র্যাব গ্রেপ্তার করলেও সেখান থেকে কৌশলে পালিয়ে গিয়েছিলেন। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন।

তিনি বলেন, কুমিল্লা, সিলেট, নরসিংদী এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে মৎস্য খামারের ব্যবসা করে আসছিল হাজী সোলায়মান। তার বিরুদ্ধে ময়মনসিংহ মুক্তাগাছা থানায় ২০১১ সালের ৪ মার্চ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে জামালপুর জেল হাজতে প্রেরন করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *