জামালপুরদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জের পোলাকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত


রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ
পাট বিক্রি করে বাড়ি ফেরা হলো না জামালপুরের দেওয়ানগঞ্জের পোলাকান্দি গ্রামের আব্দুস সালাম বেপারীর। বাড়ি ফেরার সময় ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে ব্রিজের মোড় নিয়ন্ত্রণ খুটির সাথে সজোরে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। সোমবার উপজেলার পোল্যাকান্দি ব্রহ্মপুত্র ব্রিজের দক্ষিণের ঢালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম বেপারী পোল্যাকান্দি গ্রামের মৃত নাসির বেপারীর ছেলে।
নিহত আব্দুস সালাম বেপারী স্থানীয় ঝালরচর হাটে পাট বিক্রি করে খালি ভ্যানে চরে বাড়ির দিকে রওনা হোন। ফেরার সময় পোল্যাকান্দি ব্রহ্মপুত্র ব্রিজের দক্ষিণের ঢালে পেছন থেকে আরেকটি ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে আব্দুস সালাম বেপারী ভ্যান থেকে ছিটকে ব্রিজের মোড় নিয়ন্ত্রণ খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। সে সময় তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে সাথে সাথে দেওয়ানগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। দেওয়ানগঞ্জ হাসপাতালে চিকিৎসা না হওয়ায় ডাক্তারগণ তাকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করলে ওই হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত আব্দুস সালাম বেপারীর বড় মেয়ে সালেমা বেগম বলেন, পাট বিক্রি করে বাবা তিন মেয়ের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিলেন। আমরা সেই আশায় ছিলাম। কিন্ত বাবা তার আগেই আমাদের ছেড়ে পরপারে চলে গেলেন। আমরা এখন কার কাছে এসে ঠাঁয় নেব। মা নেই। বাবাকে হারিয়ে আমরা এখন ছন্ন ছাড়া হয়ে গেলাম।
নিহতের বড় ছেলে শারীরিক প্রতিবন্ধী আলম মিয়া জানান, আমি কোনো দিন ভাবিনি আমার বাবার এভাবে মৃত্যু হবে। মা নেই। একমাত্র ভাই সেও মরে গেছে। আমি প্রতিবন্ধী মানুষ। বাবার অবর্তমানে তিন বোনকে কিভাবে আগলে রাখবো। কে দেবে আমাদের বাবার আদর বাবা ভালোবাসা?
আব্দুস সালাম বেপারীর মৃত্যু সংবাদ নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, দুর্ঘটনায় আব্দুস সালাম বেপারীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *