উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে বিধবার রক্তাক্ত মরদেহ উদ্ধার আটক ১

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুগ্রাম এলাকার একটি ঘরের তালা ভেঙে বাসনা বেগম (৩০) নামে এক বিধবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বাসনা বেগম বালুগ্রামের মৃত বাদশা আলীর মেয়ে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ২৯ ডিসেম্বর রাত ১১টার দিকে বকশিগঞ্জ থানা পুলিশ বালু গ্রামের নিজ ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে বাসনা বেগম তাঁর ৮ বছর বয়সি কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করেন।

শুক্রবার সন্ধ্যায় বাসনা বেগমকে বাড়িতে না দেখে খোঁজাখুুঁজি করতে থাকেন তার মা রশিদা বেগম। তাঁকে কোথাও না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। অনেক খোঁজাখুঁজির পর বাসনা বেগমকে না পেয়ে রাত ৯ টার দিকে তাঁর নিজ ঘরের দরজার বন্ধ তালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখে ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি। তিনি বকশিগঞ্জ থানা পুলিশকে জানালে শুক্রবার
রাত ১১ টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বাসনা বেগমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের ধারণা ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে তাকে খুন করা হতে পারে।

বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে রাতেই রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং শনিবার সকালে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। বিধবা বাসনা বেগমের খুনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *