আলোচিতজামালপুরমেলান্দহ

মেলান্দহে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে মেলান্দহে রেললাইনে বসে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল দুই বন্ধুর।

নিহত শাকিল (১৯) জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুখনাই গ্রামের শাহাবুদ্দিন মাক্কুর ছেলে। সে ইসলামপুর সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। অপর নিহত মজিবর রহমান (১৮) একই এলাকার শহিদুর রহমানের ছেলে।

২২ জানুয়ারি সোমবার দুপুর দেড়টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে মেলান্দহের দুরমুঠের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ওই দুই বন্ধু মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই যুবকের মৃত্যু হয়।

তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি বলে জানান ওসি।

জামালপুর রেলওয়ে থানার ওসি গুলজার হোসেন জানান, ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করার জন্য রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *