আলোচিতজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে গ্রাহকদের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সমিতির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রাহকরা

কাফি পারভেজ,জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের আমানতের টাকা ফেরত না পেয়ে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা।

জানা যায়, উপজেলার বালিজুড়ী বাজার কাঁচাবাজার এলাকায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির অফিসে তালা ঝুলিয়ে রবিবার বিকালে বিক্ষোভ করে সমিতির গ্রাহকরা। এ সময় সমিতির অফিসে দেখা মেলেনি কোন কর্মকর্তাকে। প্রায় ১৫ হাজার গ্রাহক হাজার কোটি টাকা আমানত রেখেছে এ সমিতিতে।

সমিতির গ্রাহক উপজেলার জোনাইল পূজাঘাটি এলাকার আবদুল কাদের বলেন, তিনি আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে তিনটি নামে ৫০ লাখ টাকা আমানত রেখেছেন। প্রথম দিকে তারা নিয়মিত মুনাফা দিলেও গত ৪-৫ মাস যাবৎ কোন মুনাফাও দিচ্ছেনা আবার আমানতের টাকাও ফেরত দিচ্ছে না।

সমিতির গ্রাহক সাউদ আফ্রিকা প্রবাসী মোশাররফ হোসেন বলেন, ২০২২ সালে আমার কষ্টে অর্জিত টাকা সাড়ে ৫ লাখ টাকা আল আকাবা সমিতিতে জমা রেখেছি। এখন টাকা ফেরত চাইলে তারা টাকা ফেরত দিচ্ছে না।

তাসলিমা খাতুন নামে এক গ্রাহক জানান, তিনি সাড়ে তিন লাখ টাকা আল আকাবা সমিতিতে জমা রেখেছেন। তারা দীর্ঘদিন ধরে তাদের ঘুরাচ্ছে, কিন্ত টাকা ফেরত দিচ্ছে না।

কান্না জড়িত কন্ঠে সোহরাব আলী বাবু নামে এক বৃদ্ধ বলেন, ওমরাহ হজ্জের জন্য ২ লাখ টাকা আমানত রেখেছি এই সমিতিতে। তারা আমাকে টাকা ফেরত দিচ্ছেনা।

সমিতিতে মনোহর আলী ১৩ লাখ ৮৭ হাজার, শিরিনা বেগম ১০ লাখ, আবদুল লতিফ ৩৬ লাখ, জহুরুল ইসলাম ১৬ লাখ, গোলাম মওলা ২০ লাখ, কোহিনুর বেগম ৪৬ লাখ টাকা জমা রেখেছেন বলে জানান। তারা তাদের আমানতের টাকা ফেরত না পেয়ে দিশেহারা। তাদের টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে জানতে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির কোন কর্মকর্তার সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে তিনি কোন তথ্য বা অভিযোগ পাননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *