জামালপুরে চিকিৎসকের ওপর হামলার অভিযোগে ১ আটক
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত ও হাসপাতালের যন্ত্রপাতি ভাংচুরের ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ জামালপুর পৌর এলাকার রশিদপুর গ্রামের মৃত গুল মাহমুদের ছেলে হিদার আলীকে আটক করে।
মামলার এজাহারে বলা হয়, জামালপুর পৌর এলাকার রশিদপুর গ্রামের গুল মাহমুদকে সোমবার মধ্যরাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘণ্টা পর গুল মাহুদ মারা গেলেও তার ছেলে হিদার আলী স্বাভাবিকভাবে নিতে পারেননি। তিনি কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন এবং হাতের কাছে যা পেয়ে চিৎকার ও ভাঙচুর শুরু করেন। এ সময় তিনি হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করেন।
জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির বলেন, অভিযোগ পেয়ে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছি।
