আলোচিতইসলামপুরজামালপুর

ধর্মমন্ত্রীকে ‘রাজাকার’ বলায় আইনি প্রতিকার চেয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল ও তাঁর বাবাকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর শরীফ হাসান লেনিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

মীর শরীফ হাসান লেনিনের বাড়ি ইসলামপুর উপজেলার বেলগাছা গ্রামে। তিনি জামালপুর-শেরপুর আসনের সাবেক মহিলা সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি হোসনে আরা এবং বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফির ছেলে।

জানা গেছে, গত শনিবার ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের পক্ষে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দাখিল করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোহন মিয়া।

থানায় দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে রাজনৈতিক আলোচনা চলাকালীন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া দেখতে পান যে, মীর শরীফ হাসান লেনিন তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে হেয়প্রতিপন্ন করার অভিপ্রায়ে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করা হয়েছে।

পোস্টের সঙ্গে ধর্মমন্ত্রীর ছবি সংযুক্ত করা হয়। এ ছাড়া পোস্টে মীর শরীফ হাসান লেনিন উল্লেখ করেছে, ‘একাত্তর সালে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা এ সময়ে আত্মহত্যা করে। বড় অভিমানে..! আর স্বাধীন দেশে কুখ্যাত রাজাকারের সন্তান রাজাকাররা, প্রকাশ্যে দিবালোকে মুক্তিযোদ্ধা হত্যা করে বর্তমানে রাষ্ট্রের ধর্মমন্ত্রী হয়। অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, উক্ত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোহন মিয়া বলেন, ধর্মমন্ত্রী ও তাঁর বাবাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

সোমবার যোগাযোগ করা হলে মীর শরীফ হাসান লেনিন বলেন, ধর্মমন্ত্রীর পক্ষে আইনি প্রতিকার চেয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমি কারও বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা কোনো কিছুই লেখিনা। তথ্য প্রমানেরই ভিত্তিতেই লেখি।

ইসলামপুর থানার ওসি সুমন মিয়া বলেন, ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

সাবেক মহিলা সংসদ সদস্য হোসনে আরা বলেন, ধর্মমন্ত্রীসহ তাঁর পরিবারকে নিয়ে ফেসবুকে বেমানান মন্তব্য করায় ছেলে লেনিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছি। কারও বিরুদ্ধে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করাটা বড়ই কষ্টের। আমিও তাঁর শাস্তি চাই।

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেন, একজন সুস্থ মানুষ এমন বেমানান মন্তব্য করতে পারে না। আমাদের বিব্রত করতেই সে ঢালাওভাবে মনগড়া বেমানান মন্তব্য করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *