আলোচিতজামালপুরবকশীগঞ্জ

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি জেলে বসেই এমপির সাথে যোগাযোগ

জেলা প্রতিনিধি, জামালপুর:

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন  জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবু চেয়ারম্যান। কারাগার থেকে বের হয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘জেলে বসে সংসদ সদস্য নূর মোহাম্মদের সাথে তার অনেকবার কথা হয়েছে। তিনি বলেছেন, ‘বাবু তুমি বের হয়ে আসো। এই মামলা তোমাকে মীমাংসা করে দেওয়া হবে’। উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সাথেও কারাগার থেকে কথা হয়েছে বলে বলেন বাবু।

বুধবার (১০ জুলাই) রাতে ৫ মিনিট ২০ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। রাত সাড়ে ৭টায় উপজেলার সাধুপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী কেবি হাইস্কুলে এই কথা বলেন বাবু চেয়ারম্যান।

ভিডিওর শেষেরদিকে চেয়ারম্যানকে (সাবেক) বলতে শোনা যায়, ‘এবারের সংসদ সদস্য নূর মোহাম্মদ সাহেব। উনি অত্যন্ত ভালো লোক। আমার সাথে জেলে অনেকবার কথা হয়েছে। আমার ইউনিয়নের রাস্তাঘাটের কথা বলেছে। বলেছে—’বাবু তুমি বের হয়ে আসো। এই মামলা তোমাকে মীমাংসা করে দেবো’।

এ বিষয়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, একজন সংসদ সদস্য যদি এই কথা বলে থাকে তাহলে আমরা বিচার নিয়ে শঙ্কায় আছি। আর হত্যা মামলায় প্রধান আসামি হয়ে তিনি কিভাবে বললো তাকে রাজনৈতিক ভাবে ফাসানো হয়েছে।আমরা অনেক আতংকে আছি আমাদের নিরাপত্তা নিয়ে।

মাহমুদুল আলম বাবুর বক্তব্য ভূয়া দাবি করে সংসদ সদস্য নূর মোহাম্মদ জানান, তার সাথে কোন কথা হয়নি। তিনি বলেন, মার্ডার মামলা মীমাংসা হয় কিভাবে।

উল্লেখ্য, এক বছর কারাভোগের পর বুধবার (১০ জুলাই) বিকেল ৫টায় জামালপুর জেলা কারাগার থেকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু জামিনে মুক্তি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *