আলোচিতজামালপুরসদর

জামালপুরে মামলার আসামি মৃত ছাত্রলীগ নেতা

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় মৃত পৌর ছাত্রলীগের সাবেক নেতা সফিকুল ইসলামকে আসামি করা হয়েছে। মৃত সফিকুল ইসলাম জামালপুর পৌর শহরের পালপাড়ার মৃত নুরুল মেম্বারের ছেলে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জামালপুর সদর থানায় এ মামলায় আসামি করা হয়েছে।

পৌর ছাত্রলীগের সাবেক নেতা সফিকুলের
মৃত্যু সনদ যাচাই করে দেখা গেছে,
২০২২ সালের ২০ সেপ্টেম্বর সফিকুল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে।
সফিকুলের ছোট ভাই রফিকুল জানান,
প্রায় বিশ বছর আগে বড় ভাই ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তারপর দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না। দুই বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। একমাত্র মেয়ে সন্তান নিয়ে ভাবী সংসার করছে। প্রতিবেশীরাও সফিকুলের দুই বছর আগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়ার হায়দার আলী নামে এক ব্যক্তি বাদি হয়ে জামালপুর সদর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৬০জন কে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামি তালিকার ৭৮ নম্বরে মৃত সফিকুলের নাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে চলে গেলে ওইদিন বিকালে অভিযুক্ত আসামিরা দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালের সামনে অবস্থান করেন।
মামলার বাদী হায়দার আলী ও তার দুই সহযোগীকে অভিযুক্তরা মারধর করে ৩৮ হাজার নগদ টাকা ও একটি স্বর্নের চেইন ছিনতাই করে নিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
১৮৬০ সালের প্যানাল কোডের ১৪৩/১৪৮/৩২৩/৪২৭/৩৭৯ ও ৫০৬(২) ধারায়
তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদি হায়দার আলীকে মামলার বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তিনি
পরে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

মৃত মানুষের নামে মামলার বিষয়ে সদর থানার ওসি মহব্বত কবির জানান, এ ব্যাপারে মামলার বাদি ভালো বলতে পারবে। মৃত মানুষের নামে মামলা দেয়া হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *