আলোচিতজামালপুরসদর

জামালপুরে শিকদার গ্রুপের মুতিয়ারা বিদ্যুৎ প্লান্টে দুর্ধর্ষ ডাকাতি

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে শিকদার গ্রুপের মুতিয়ারা পাওয়ার প্যাক ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তাকর্মী ও প্লান্টের কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জিম্মি করে কয়েক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৭টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত লুটপাট করে ডাকাতরা।

ভুক্তভোগী আনসার ও অন্যরা জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে অজ্ঞাত পরিচয়ের সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত পাওয়ার প্যাক মুতিয়ারা বিদ্যুৎ প্লান্টে প্রবেশ করে। দুর্বৃত্তর অস্ত্রের মুখে একে একে সবাইকে জিম্মি করে। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাত-পা বেঁধে লুটপাট চালায় তারা। প্লান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরকে একটি ভবনে আটকে রেখে সারারাত লুটপাট চালায়।
এ সময় তারা মোবাইল ছিনিয়ে নেয়। সকালে একজন কর্মচারী ডিউটিতে এসে দেখেন গেটের ভেতরের দিকে আনসার সদস্যকে বেঁধে রাখা হয়েছে। তারপর সবার হাত-পায়ের রশি খোলা হয়। দেখা যায়, সবার মোবাইল ফোন এক জায়গায় রাখা। পরে আনসারসহ কর্মকর্তা-কর্মচারীরা মুক্ত হলে দ্রুত পুলিশকে জানানো হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

দুর্বৃত্তরা প্লান্টের ভেতরে থাকা কয়েকটি কন্টেইনার থেকে কয়েক কোটি টাকার মূল্যবান বৈদ্যুতিক ক্যাবল ও অন্যান্য যন্ত্রাংশ লুট করে ট্রাকবোঝাই করে নিয়ে যায়। এ সময় প্লান্টের ভেতরের অফিসগুলো থেকে মূল্যবান উপকরণ, সিসিটিভি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

প্ল্যান্টের ম্যানেজার আলমগীর হোসেন জানান, মতিয়ারা পাওয়ার প্ল্যান্টে বুধবার রাত সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে আনসার ও প্ল্যান্টে কর্মরত প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকেও অস্ত্রের মুখে একটি ভবনে আটকে রেখে রাতভর লুটপাট চালায়। প্ল্যান্টের ভেতরে থাকা কয়েকটি কনটেইনার থেকে মূল্যবান কেবল ও অন্যান্য যন্ত্রাংশ, সিসি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্র লুট করে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসেন জানান, মুতিয়ারা পাওয়ার প্লান্টে একদল দুর্বৃত্তের হানা ও লুটপাটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য , মুতিয়ারা পাওয়ার প্যাক ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্লান্টটি জামালপুর পৌরসভার শাহপুরের বন্দেরবাড়ি এলাকায় স্থাপিত হয় ২০১৭ সালে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে ১৫ বছরের চুক্তির ভিত্তিতে বহুল আলোচিত শিককদার গ্রুপের মুতিয়ারা পাওয়ার প্যাক নামের একটি কোম্পানি এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণ করেছে প্রায় ৮০০ কোটি টাকায়। শিকদার গ্রুপের মালিকানা নিয়ে অভ্যন্তরীন দ্বন্দ্ব ও বিভিন্ন দুর্নীতির কারণে তাদের জামালপুরের এই বিদ্যুৎ প্লান্টটিতে প্রায় তিন বছর ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *