উপজেলার সংবাদজামালপুর

জামালপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ নেতা-কর্মী গ্রেপ্তার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ অক্টোবর মঙ্গলবার দিবাগত মাঝরাত থেকে ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন প্রতিহত করতে জেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর বিভিন্ন থানায় নাশকতা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই সব মামলার আসামিদের ধরতে মঙ্গলবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। ওই অভিযানে সদরসহ সাতটি উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সদরে ৫, সরিষাবাড়ীতে ৪, ইসলামপুরে ২, মাদারগঞ্জে ১৩, মেলান্দহে ৩, দেওয়ানগঞ্জে ৭ ও বকশিগঞ্জ উপজেলায় ৬ জন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন, দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিবুল ইসলাম যুবরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান এরশাদসহ আওয়ামী লীগের সাতজন।

বকশিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, সদস্য আবু তালেব তোতা, সাবেক সদস্য মনির হোসেনসহ আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া, পৌর তাঁতী লীগ ১ নম্বর ওয়ার্ড সভাপতি আল আমিন, ছাত্রলীগের সাবেক সভাপতি মুনিম সাকিব, উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মাহাবুবুর রহমান, যুবলীগ নেতা মো. শাহ আলম, সুজন রানা রনজু, আদারভিটা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সওদাগর, ওয়ার্র্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন রিপন ও আওয়ামী লীগ নেতা ছামিউল ইসলাম মানিকসহ ১৩ জন।

সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের শ্যালক ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের কর্মী মো. আবদুল আলীম খান ও ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রকিব চৌধুরী।

জামালপুর পৌর শাখার ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসুর আলী, সাবেক সংসদ সদস্য মির্জা আজমের চাচাতো ভাই আওয়ামী লীগ কর্মী মির্জা আবদুল বাসেদসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তারা আকন্দ, নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সরোয়ার জাহান ও উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ফজলে রাব্বি।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর যেসব মামলা করা হয়েছিল, সেসব মামলার আসামিদের মধ্যে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করাসহ অন্যান্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *