উপজেলার সংবাদবকশীগঞ্জ

বকশিগঞ্জে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

বকশিগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আটক মাহফুজ রহমান বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদও পেয়েছেন তিনি। মাহফুজ রহমান টাঙ্গারিপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে একটি মাদকবিরোধী উঠান বৈঠকে অনুষ্ঠিত হয় বকশিগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাঁকে চিনতে পেরে মোবাইলসহ বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে তিনি ছাত্রলীগের কর্মী বলে জানান। এ সময় পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে, সম্পৃক্ততা আছে কি না, খোঁজ নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিল। সেখানে ছাত্র-জনতার সঙ্গে সেও প্রবেশ করে। পরে ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা পেয়েছি। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের সঙ্গে কথা বলার প্রমাণ পেয়েছি। তাকে সোমবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *