জামালপুরে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার
-
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শহীদ মিনার সংলগ্ন দারোগা ছাত্রমেসের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় পিয়াস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়।
নিহত ইয়াসিন আরাফাত পিয়াস শহরের পশ্চিম নয়াপাড়া এলাকার হুমায়ুন কবির ভূট্টুর ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক ও দুই সন্তানের জনক।
এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ভবন মালিক মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেনের ছেলে শামসুদ্দোহা সজীবকে আটক করেছে পুলিশ।
নিহত পিয়াসের বাবা হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার বিকাল ৪/৫ টার দিকে শেষ কথা হয়েছিলে আমার সাথে। তারপর আর আমার ছেলের সাথে কথা হয়নি। বিকালে ফসলের মাঠে কাজ করতে ছিলাম, পরে আমার ছেলের মৃত্যুর খবর পেয়ে এখানে চলে আসি।
বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, আমি এখানে ছাত্র মেছ হিসেবে ভাড়া দেই। অনেকেই থাকে এখানে। কিভাবে এই ঘটনা হয়েছে তা আমি কিছুই জানি না।
জামালপুর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, ছাত্রাবাসের একটি কক্ষে যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এরপর লাশ উদ্ধার করে পুলিশ ও পিবিআই। নিহতের সাথে ভবন মালিকের ছেলের সম্পর্ক থাকায় তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
