আলোচিতউপজেলার সংবাদসদর

জামালপুরে আইনজীবী ও ছাত্র-জনতার সংঘর্ষ, আহত ৮

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদন করায় আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে তিন আইনজীবীসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে জেলা জজ আদালতে প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করেন ছাত্র-জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলায় দুই আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে যান তারা।

এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্র-জনতার বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় আদালত চত্বরে শিক্ষার্থীদের হামলায় প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী আহত হন। আইনজীবীদের ওপর হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে বিক্ষুব্ধ জনতা। দুপক্ষের অন্তত আটজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি ফজলুল হক জানান, ইসলামপুর থানার নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় জিআর আমলি আদালতে আসামি সবুজের পক্ষের আইনজীবী আব্দুল ওয়াহেদ ও নজরুল ইসলাম তরফদার জামিন আবেদন করেন। আদালতে জামিন নাকচ হয়।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু জানান, আদালতে ন্যায় বিচার চাওয়ার অধিকার সবার রয়েছে। তাই বলে আইনজীবীর ওপর হামলা হবে! হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আইনজীবীরাও। আদালত অঙ্গনে আইনজীবীর ওপর হামলার ঘটনা দুঃখজনক বলেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল। অনেক আইনজীবীর দাবি, আদালত প্রাঙ্গণেই তারা মবের শিকার হলেন। যা এই পেশার ওপর সরাসরি আঘাত।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসানের ইখলাসের দাবি, আইনজীবীদের অভিযোগ সঠিক নয়। বৈষম্যবিরোধী ব্যানারে সেখানে কেউ হামলা করেনি। বরং আইনজীবীদের হামলায় ছাত্রদের তিন জন আহত হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। যেহেতু এটি বিচ্ছিন্ন ঘটনা, তাই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *