সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় আল মেহেদী (২৮) নামের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার বাউসি পপুলার রেলওয়ে ব্রিজপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মেহেদী পৌরসভার শিমলাপল্লী পূর্বপাড়া ইতালি প্রবাসী লান্জু মিয়ার ছেলে। তিনি জামালপুর জসিম উদ্দিন টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) পড়ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেহেদি তার কয়েকজন বন্ধুসহ রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আড্ডা দিচ্ছিলেন । এসময় ভুয়াপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও তিনি তা শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনটি খুব কাছাকাছি চলে আসলে, মেহেদি উঠে দাঁড়ালেও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মাথা লাগলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, অবহেলায় হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শোনার কারণে মেহেদির মাথায় ট্রেনের ধাক্কা লাগে। বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে, পথে তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
