জামালপুরে ছেলের দায়ের কুপে মায়ের মৃত্যু
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদকাসক্ত পুত্র দা দিয়ে কুপিয়ে তার মাকে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টায়।
স্থানীয়রা জানান, মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তাদের প্রতিদিনের ঘটনা। মাদকের টাকার জন্য মঞ্জু বাড়ির একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকায় বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেয়। মঙ্গলবার সকালে গাছ ক্রেতা শেখ ফরিদ (৪০) অবশিষ্ট টাকা নিয়ে গাছ কাটতে এলে স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী নিহত মনজিলা বেগম জিরা (৬০) গাছ কাটতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু এলোপাথারি ভাবে তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ সময় গাছ ক্রেতা হাট চন্দ্রার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। বর্তমানে আহত শেখ ফরিদ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামালপুর সদর থানার ওসি ফয়সাল আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলের দা’র কুপেই মায়ের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
