মেলান্দহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহের গোবিন্দগঞ্জ বাজার এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম রন (২৫) নামে একজন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।
নিহত আব্দুর রহিম রন মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মরহুম জিয়ার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ বাজার (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন) এলাকায় দুইটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম রন মারা যান। এ সময় আরো চারজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
