আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে আ.লীগ নেতার উপস্থিতিতে ধান-চাল সংগ্রহ উদ্বোধন

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সিংহজানী খাদ্য গুদামে চলতি মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এবং সিংহজানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরাত আহাম্মেদ পাপেল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুজায়েত আলী সুজা।

জানা যায়, প্রধান অতিথি কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুজায়েত আলী সুজার মালিকানাধীন মেহেদী এন্ড তাসলিমা অটোরাইস মিলের চাল ক্রয় করার মধ্যে দিয়ে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান খান, সিংহজানী খাদ্য গুদামের কর্মকর্তা ইশরাত আহাম্মেদ পাপেল এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

চলতি মৌসুমে জামালপুরে সরকারি ভাবে ৮ হাজার ৯৩১ মেট্রিক টন ধান এবং ৪১ হাজার ৮৩৫ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ ২১৪ জন চালকল মালিক সরকার নির্ধারিত ৪৯ টাকা কেজি মূল্যে চাল এবং কৃষকরা ৩৬ টাকা কেজি মূল্যে ধান সরবরাহ করবেন।

এদিকে, আল বেরুনী অটো রাইস মিলের মালিক অধ্যাপক হারুন অর রশিদ অভিযোগ করেছেন, তাকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এবং বিএনপি বা জামায়াতের নেতাদের দাওয়াতও দেওয়া হয়নি।

এ বিষয়ে কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবাদত হোসেন জানান, সুজায়েত আলী সুজা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

সিংহজানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরাত আহাম্মেদ পাপেল জানান, সুজায়েত আলী সুজা আওয়ামী লীগের নেতা কিনা, তিনি জানেন না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ছিলেন কিনা তা তিনি খেয়াল করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *