জামালপুর রেলস্টেশনে দুদকের অভিযান
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রীদের দুর্ভোগসহ নানান অভিযোগে যাত্রী সেজে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে বিশেষ অভিযান চালালো দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা সাড়ে ৪ ঘন্টা এই অভিযান পরিচালনা করে দুদক জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম।
অভিযান পরিচালনা করেন জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম ও আতিউর রহমান। তারা স্টেশন মাস্টারের কক্ষ, টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার, রেলওয়ে থানা ও পার্সেল বুকিং রুমসহ পুরো স্টেশন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা বেশ কয়েকটি অনিয়মের প্রমাণ পান। পার্সেল বুকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেওয়ার অনিয়ম ধরা পড়ে। এছাড়াও স্টেশনে যাত্রীদের জন্য বসার চেয়ারে ছিলো ময়লা-আবর্জনা এবং ওয়াশরুম ছিলো অপরিচ্ছন্ন।
জামালপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন,, কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে সকাল ১০ টা থেকে যাত্রী সেজে তথ্য সংগ্রহের পর ১২টার দিকে অভিযানে নামি আমরা।
তিনি আরো বলেন, আমরা অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছি। এসময় স্টেশনের বুকিং কাউন্টারে অনিয়ম, দূর্নীতি এবং প্লাটফর্ম ও বিশ্রামাগারে ময়লা আবর্জনার বিষয়টি নজরে আসে। বিশেষ করে অতিরিক্ত চার্জ আদায় ও পরিবেশগত অব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। অভিযানের সকল তথ্য কমিশনে প্রেরনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
