বকশিগঞ্জে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি মাটিতে ছুড়ে ফেলে দেয়ার অভিযোগ
বকশিগঞ্জ প্রতিনিধি:
বকশিগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার ছবি অবমাননার অভিযোগ উঠেছে। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে চাঁপা ক্ষোভের সঞ্চার হয়েছে।
শুক্রবার বিকালে বকশিগন্জ উপজেলার বাস, মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এই ঘটনাটি ঘটে।
বকশিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর জানান, আওয়ামী লীগের দোসর বকশিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পরিকল্পিত ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের ছবি দেয়াল থেকে খুলে মাটিতে ছুড়ে ফেলে রাখেন। এমন ঘটনায় নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বকশিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিলন বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলামের সাথে মুঠেফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহাম্মেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
