আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে বিএনপির একাংশের ডাকা হরতালে সাড়া দেয়নি মানুষ হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট শনিবার জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বন্ধের দাবিতে দলের একাংশের নেতাকর্মীরা বুধবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হরতালের ডাক দেয়। হরতালের সমর্থনে শহরে মশালমিছিল করেন তাঁরা। একইসঙ্গে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শহরের দয়াময়ী মোড়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বুধবার সকাল আটটার দিকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়। পরে যৌথবাহিনী মিছিলটি সরিয়ে দিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনী অবস্থান নেয়।

শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজারে এবং ঢাকাইপট্রি থেকে বড় মসজিদ পর্যন্ত আংশিক হরতাল পালিত হয়েছে। এ ছাড়া জেলার কোথাও হরতালে সাড়া দেননি মানুষ। স্বাভাবিক গতিতে চলছে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, ট্রেন বাসসহ সব ধরনের যানবাহন।
হরতালে নাশকতার পরিকল্পনার সময় বুধবার ভোররাতে জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আহবায়ক শুভ পাঠানকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বকুলতলা থেকে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় রাস্তায় আগুন ধরিয়ে সম্মেলন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর মিছিলটি আবার মূল শহরের দিকে চলে যায়। এর আগে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালের ডাক দেয়। মিছিল থেকে আগামী শনিবার অনুষ্ঠেয় জেলা বিএনপির সম্মেলন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। আগামী শনিবারের সম্মেলন বন্ধের দাবিতে আজ অর্ধবেলা হরতাল ডাকা হয়েছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বলেন, কিছু বিতর্কিত লোক জেলা বিএনপির সম্মেলনকে বিতর্কিত করতে হরতাল ডেকেছে। মশাল মিছিল করেছে। বিষয়টা আমরা সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি। জেলা বিএনপির সম্মেলন নিয়ে ব্যস্ত সময় পার করছি আমরা। ওই সকল বিতর্কিত লোকের কর্মকান্ডে কান দিচ্ছি না। আর জামালপুরের মানুষ হরতালকে প্রত্যাখান করে শহরে স্বাভাবিক চলাচল করছে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, সম্মেলন যথাসময়েই হবে। আর মঙ্গলবারের ঘটনার বিষয়টি নিয়ে আমরা নেতা-কর্মীদের নিয়ে আলোচনা করেছি।

জামালপুর সদর থানার ফয়সল মো. আতিক বলেন, এ ব্যাপারে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রক্রিয়াধিন রয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *