দেশের স্বার্থে সরকার কোন সিদ্ধান্ত নিলে এনসিপি দ্বিমত করবে না,,..সারজিস আলম
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে আগামী জাতীয় নির্বাচন পেছাতে পারে। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যেকোনো এলায়েন্সে যেতে পারে তবে সেটা এনসিপি নামে নিজের প্রতীকে নির্বাচন করবে। আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময়ে হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসররা যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।
চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল সরকার বিদেশীদের কাছে লিজ দিচ্ছে, এতে এনসিপির অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোন সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুন্ন হলে যেকোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে বলেও জানান তিনি।
তাদেরকে শাপলা প্রতীকই কেন পেতে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, প্রত্যেক রাজনৈতিক দলই প্রতীক পছন্দ করে নিয়েছে, আমাদের পছন্দ শাপলা। নির্বাচন কমিশন তাদের চাওয়া পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুটি শক্তিশালী দলের মধ্যে এনসিপি হবে একটি দল। এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহন করবে এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাঁধা নেই বলেও মনে করেন তিনি।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদেরকে জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে মামলার রায় হতে পারে। সরকার জুলাই সনদও বাস্তবায়ন করবে বলে জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছুঁড়াছুড়ি না করারও আহবান জানান এনসিপি নেতা সারজিস আলম।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় এনসিপির নেতা মশিউর আমীনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
