আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আরও গুরুতর আহত ৪ জন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন, সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা আরিফা আক্তার পলি (২৪), রাশেদ মিয়া (১৮) এবং জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬০)। অপর একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মেইন গেটের সামনে জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাশেদ মিয়ার মৃত্যু হয়। আহত ৭ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথে আরিফা আক্তার পলি ও চাঁন মিয়ার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।

ঘাতক কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেলেও দিগপাইত মোড় এলাকায় স্থানীয়রা ভ্যানটিকে আটক করে।

নিহত আরিফার স্বজনরা জানান, অনার্স ইনকোর্স পরীক্ষা দেওয়ার জন্য তার ছেলেকে নিয়ে অটোরিকশা করে কলেজে যাচ্ছিলেন। ইপিজেড এলাকায় অটোরিকশা পৌঁছালে সড়ক দুর্ঘটনায় আরিফা মারা যায়। তার পাঁচ বছরের ছেলে মারাত্মকভাবে আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও ভ্যানটির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *