জামালপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩১ প্রার্থী
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জামালপুরের তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তিন প্রার্থী। মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা। জেলার ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
২০ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন জামালপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রুবেল মিয়া, জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থীর স্ত্রী (স্বতন্ত্র) মেহেরজান আরা তালুকদার ও জামালপুর-৫ আসনের এবি পার্টির প্রার্থী মুহাম্মদ ছানোয়ার হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী স্বাক্ষরিত প্রত্যাহারকৃত প্রার্থীদের ও পাঁচটি সংসদীয় আসনের চূড়ান্ত বৈধ প্রার্থীদের পৃথক দুটি তালিকা সাংবাদিকের সরবরাহ করা হয়। সেই তালিকা অনুসারে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার পাঁচটি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন,
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে চারজন প্রার্থী হলেন, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের ইসলামীর নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রউফ তালুকদার এবং জাতীয় পার্টির (জিএম কাদের) এ কে এম ফজলুল হক ।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৪জন প্রার্থী হলেন, বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর সামিউল হক ফারুকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান ।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নয়জন প্রার্থী হলেন, বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, জামায়াতে ইসলামীর মো. মজিবুর রহমান আজাদী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, গণঅধিকার পরিষদের লিটন মিয়া, স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজু ।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ছয়জন প্রার্থী হলেন, জেলা বিএনপি’র সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. আলী আকবর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র মো. মাহবুব জামান জুয়েল, গণঅধিকার পরিষদের মো. ইকবাল হোসেন ও নাগরিক ঐক্য’র মো. কবির হাসান ।
জামালপুর-৫ (সদর) আসনে আটজন প্রার্থী হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সৈয়দ ইউনুছ আহাম্মদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র শেখ মো. আক্কাস আলী, বাংলাদেশ কংগ্রেস এর আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জাতীয় পার্টি-জেপি’র মো. বাবর আলী খান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র মো. আমির উদ্দিন ও গণঅধিকার পরিষদ এর জাকির হোসেন ।
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার শেষে আজ বুধবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে।
