জামালপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ডাদেশ
শহর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুক না পয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. আমিনুল ইসলামকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।
সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচরের মো. আমজলের পুত্র আমিনুল ইসলাম বকশিগঞ্জ উপজেলার টালিয়াপাড়ার সুরুজ মিয়ার কন্যা সুজানা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। বিয়ের সময় যৌতুক নিলেও পরবর্তীতে আরো ২০ হাজার টাকা যৌতুক না পেয়ে ২০২২ সালের ২৪ এপ্রিল স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। গুরুতর আহত স্ত্রীকে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতিত প্রমানিত হওয়ায় আসামী আমিনুল ইসলামের আদালতে উপস্থিতিতে তাকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেছে আদালত। জরিমানার অর্থ নিহতের বাবা ও মাকে প্রদানের আদেশও দেয়া হয়।
