জামালপুর সদর উপজেলায় উন্নয়ন ও সুশাসনে নতুন দিগন্ত: ইউএনও নাজমা আখতারের বহুমুখী উদ্যোগ
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার সদর উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আখতার। দায়িত্ব পালনের ধারাবাহিকতায় তিনি বর্তমানে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে সুশাসন, উন্নয়ন এবং জনসেবায় এক অনন্য মডেল তৈরি করেছেন।
উপজেলার জনগণের সেবা সহজ ও দ্রুত করতে তিনি ডিজিটাল সেবা কার্যক্রম জোরদার করেছেন। অনলাইন আবেদন, অভিযোগ নিষ্পত্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই অনেক সরকারি সেবা পাচ্ছেন। এতে সময় ও ভোগান্তি কমে গিয়ে জনসন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মাদকবিরোধী অভিযান এবং সামাজিক অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছেন তিনি। বাল্যবিবাহ, ইভটিজিং ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। তিনি নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন রোধ, বাজার মনিটরিং, চলমান জ্বালানি সংকট নিরসনে তদারকি করে আসছেন।
শিক্ষা ও সামাজিক উন্নয়নেও তার রয়েছে বিশেষ উদ্যোগ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে বিশেষ কর্মসূচি এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান তার কার্যক্রমকে আরও মানবিক ও জনমুখী করেছে।
এছাড়া, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে তিনি কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন, আধুনিক চাষাবাদে উৎসাহ দিচ্ছেন এবং সরকারি প্রণোদনা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করছেন। এতে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনায়ও নাজমা আখতার অত্যন্ত সক্রিয়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তিনি মানবিক প্রশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় জনগণ ও সুধীজনরা মনে করেন, ইউএনও নাজমা আখতারের দূরদর্শী নেতৃত্ব, সততা এবং কর্মনিষ্ঠা জামালপুর সদর উপজেলাকে উন্নয়ন ও সুশাসনের এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তার এসব বহুমুখী উদ্যোগ ভবিষ্যতেও একটি টেকসই ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
