মাদারগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিনজন আহত
মোঃ মানিক ইসলাম,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের চর নাদাগাড়ী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
অভিযোগে জানা যায়, চর নাদাগাড়ী এলাকার বাসিন্দা মোঃ হেলিম (৫০), পিতা—মৃত রুস্তম আলী মন্ডল অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোঃ হাকিম কারী (৩৫) ও মোঃ উকিল কারী (৪০)-এর সাথে জমি নিয়ে বিরোধ চলছিল।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ আগস্ট ২০২৬ ইং, বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় তারা গালিগালাজ ও ভাঙচুর চালায় এবং হামলা করে।
হামলায় মোঃ হেলিমের ছেলে মোঃ মেহেদী হাসান (২৭) এবং তার স্ত্রী মোছাঃ মনিরা আক্তার (২২) আহত হন। এছাড়াও পরিবারের আরও সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী অভিযোগ করেন, হামলাকারীরা তার ঘরের প্রায় ২০টি টিন কেটে ফেলে এবং বসতঘরের ক্ষতি করে, যার আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার টাকা।
ঘটনার সময় মোঃ মেহেদী হাসান মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে পুনরায় হামলা চালায় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মাদারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশীষ রায় জানান
পুলিশ অভিযোগটি পেয়েছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
