আলোচিতজামালপুর

বন্ধ চিনিকল চালু ও আধুনিকায়নে নতুন আশার আলো – বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হক মন্জুর ইতিবাচক উদ্যোগ
দেশের রাষ্ট্রায়ত্ত চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করতে আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন এহসানুল হক মন্জু। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের বন্ধ ও লোকসানী চিনিকলগুলোকে নতুন পরিকল্পনায় আধুনিকায়ন করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তার এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী পরিকল্পনায় শ্রমিক, কৃষকসহ সংশ্লিষ্ট মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের চিনি শিল্প একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতো। হাজার হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল এই শিল্পকে কেন্দ্র করে। পাশাপাশি আখচাষী কৃষকরাও ন্যায্যমূল্য পেয়ে স্বাবলম্বী জীবনযাপন করতেন। কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, পুরোনো প্রযুক্তি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক চিনিকল বন্ধ হয়ে যায়। এতে করে একদিকে যেমন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন, অন্যদিকে কৃষকরাও আখ চাষে আগ্রহ হারাতে থাকেন।
নবনির্বাচিত চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব এহসানুল হক মন্জু আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার, দক্ষ ব্যবস্থাপনা এবং বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্রীয় চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। তিনি বলেন, “চিনিকলগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আধুনিক যন্ত্রপাতি সংযোজন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারলে আবারও এই শিল্প ঘুরে দাঁড়াবে।”
তিনি বিশেষভাবে আখচাষী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তার মতে, কৃষক বাঁচলে শিল্প বাঁচবে। তাই কৃষকদের সময়মতো আখের মূল্য পরিশোধ, উন্নত বীজ ও কৃষি সহায়তা প্রদান এবং আখচাষে উৎসাহ দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে করে কৃষকদের আস্থা ফিরে আসবে এবং আখ উৎপাদনও বাড়বে।
এছাড়াও তিনি শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়েও গুরুত্ব দেন। বন্ধ মিলগুলো চালু হলে হাজার হাজার শ্রমিক ও কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশের অর্থনীতিতে নতুন কর্মচাঞ্চল্য তৈরি হবে এবং স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সচেতন মহল মনে করছে, দক্ষ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন সাবেক সিনিয়র সচিব এহসানুল হক মন্জুর নেতৃত্বে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন নতুন গতি পাবে। তার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্ধ হয়ে থাকা চিনিকলগুলো পুনরায় চালু হওয়ার পাশাপাশি দেশের চিনি শিল্প আবারও স্বর্ণালী অতীতে ফিরে যেতে সক্ষম হবে।
সরকারের উন্নয়নমুখী পরিকল্পনার অংশ হিসেবে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও লাভজনক করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে দেশের চিনিশিল্পের পুনর্জাগরণ। সংশ্লিষ্টরা আশা করছেন, চেয়ারম্যান এহসানুল হক মন্জুর নেতৃত্বে এই শিল্পে নতুন দিগন্তের সূচনা হবে এবং শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের মুখে আবারও হাসি ফুটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *