মেলান্দহ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হল রুমের শুভ উদ্বোধন
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন ও হল রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।
উদ্বোধনকালে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আধুনিক ও সেবাবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। নতুন প্রশাসনিক ভবন ও হল রুমের মাধ্যমে উপজেলার জনগণ আরও দ্রুত ও উন্নত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান,মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার,উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে নবনির্মিত ভবন ও হল রুম পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্থানীয়রা নতুন ভবন নির্মাণকে উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
