ময়মনসিংহ সদর থানায় আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি, প্রশংসায় ওসি শিবিরুল ইসলাম
মোঃ রুহুল আমিন রাজু, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর থানায় সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমনে গ্রহণ করা বিভিন্ন কার্যকর পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
জানা যায়, ওসি শিবিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ব্যবসা, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। নিয়মিত অভিযান পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারের ফলে অপরাধের মাত্রা আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয়দের মতে, থানায় সেবার মানও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। সাধারণ মানুষ এখন দ্রুত ও সহজে পুলিশি সেবা পাচ্ছেন। দালালচক্রের দৌরাত্ম্য কমে যাওয়ার পাশাপাশি হয়রানিমুক্ত পরিবেশে থানায় অভিযোগ দায়ের ও আইনি সহায়তা গ্রহণ করা যাচ্ছে।
এলাকাবাসী আরও জানান, ওসি শিবিরুল ইসলাম সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও নির্দেশনা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন, যা সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, বর্তমান পুলিশের এই ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহ সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা।
