মেলান্দহে ৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক মামলার আসামি গ্রেফতার
মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর, ১৪ জুন ২০২৬ রবিবার জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন নির্দেশক্রমে এবং মেলান্দহ – মাদারগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞার সার্বিক তত্ত্বাবধানে মেলান্দহ থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এক আসামি ও এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মেলান্দহ থানার নিয়মিত মাদক মামলার আসামি লাল মিয়া (পিতা- নুরুল ইসলাম), সাং- দক্ষিণ আদিপৈত, থানা- মেলান্দহ, জেলা- জামালপুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ২২ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ফরহাদ (পিতা- লুৎফর), সাং- বানিয়াবাড়ী, থানা- মেলান্দহ, জেলা- জামালপুরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার (১৪ জুন) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন,
“মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মেলান্দহ থানা এলাকায় মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারির জন্য মেলান্দহে কোনো ছাড় নেই। জনসাধারণের সহযোগিতায় আমরা একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে মেলান্দহ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
