আদ্রা ইউনিয়নে এমএসপি অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে টেকসই জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বেলা ১১টায় আদ্রা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে “Climate Action at Local Level (CALL)” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের মেলান্দহ উপজেলা ম্যানেজার সুলতানা আক্তার। আরো বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের এফও মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, কৃষক প্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অন্যান্য অঞ্চলের মতো জামালপুরেও কৃষি, পরিবেশ ও জনজীবনে নানা ধরনের নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি।
আলোচনায় স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জলবায়ু অভিযোজন ও প্রশমন কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অংশীজনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জলবায়ু বিষয়ক বিভিন্ন সুপারিশ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
