উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

আইন-শৃঙ্খলা রক্ষায় মেলান্দহ থানার বিশেষ অভিযান ও পথসভা


জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর নির্দেশক্রমে মেলান্দহ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) সন্ধ্যায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান-এর নেতৃত্বে থানা পুলিশের সকল অফিসার ও ফোর্স সম্মিলিতভাবে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, মাদক এবং যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা অবনতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে দুরমুঠ ইউনিয়নের দুরমুঠ বাজারে হযরত শাহ কামাল (রা.) ইয়ামিনের মাজার শরীফের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পথসভায় উপস্থিত ছিলেন দুরমুঠ ইউনিয়ন পরিষদের সাবেক সফল তিনবারের চেয়ারম্যান, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথসভায় বক্তব্যকালে ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন,
“মেলান্দহ উপজেলাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চুরি, ছিনতাই, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাই।”
এ সময় সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া বলেন,
“সমাজ থেকে মাদক, জুয়া ও অপরাধ নির্মূলে পুলিশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একযোগে কাজ করতে হবে। জনগণ ও পুলিশের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই অপরাধমুক্ত মেলান্দহ গড়ে তোলা সম্ভব। আমরা সবসময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থাকবো।”
স্থানীয় বাসিন্দারা জানান, মেলান্দহ থানার এ ধরনের নিয়মিত টহল, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি করছে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখছে।
জানা গেছে, মেলান্দহ থানার পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাট-বাজারে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান, পথসভা ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *