চরবাণী পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে জাকারিয়া আকন্দ দেখতে চায় তৃণমূল নেতাকর্মী ও ভোটারগণ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ উপজেলার ৭ নং চরবাণী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা, যুবনেতা এবং বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আকন্দকে ঘিরে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন তৃণমূল বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং ইউনিয়নের অনেক সাধারণ ভোটার।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন জাকারিয়া আকন্দ। তিনি ১৯৯৬ সালে হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি, ২০০৪ সালে মেলান্দহ থানা ছাত্রদলের সহ-সভাপতি, মেলান্দহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির তিনবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ ও মিছিলে সক্রিয় ভূমিকা রাখার কারণে জাকারিয়া আকন্দ একাধিকবার রাজনৈতিক হয়রানি, হামলা ও মামলার শিকার হন। রাজনৈতিক প্রতিকূল পরিবেশেও দলীয় কর্মসূচিতে অবিচল থেকে নেতাকর্মীদের পাশে থাকায় অনেকেই তাকে বিএনপির দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে মূল্যায়ন করেন।
ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি একজন দক্ষ, সৎ, কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলে স্থানীয়দের অভিমত। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগেও তার সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকান এবং জনসমাগমস্থলে নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করছেন তিনি। জনগণের সমস্যা, চাহিদা ও উন্নয়ন ভাবনা সরাসরি শুনে তা বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সরব হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। স্থানীয়দের মতে, প্রচার-প্রচারণা ও গণসংযোগে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম সক্রিয় অবস্থানে রয়েছেন।
তৃণমূল নেতাকর্মীদের মতে, জাকারিয়া আকন্দ একজন বিনয়ী, সৎ, সহজ-সরল ও মানবিক নেতা। ব্যক্তিগত কিংবা সামাজিক যে কোনো প্রয়োজনে সাধারণ মানুষ সহজেই তার কাছে পৌঁছাতে পারেন এবং প্রয়োজনীয় সহযোগিতা পান। ফলে রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন জনবান্ধব মানুষ হিসেবে তিনি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি ইউনিয়নের মানুষের কাছে তাকে আরও আস্থাভাজন করে তুলেছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় একাধিক ভোটারের মতে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি ইউনিয়নের রাস্তাঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অসহায় মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এ বিষয়ে জাকারিয়া আকন্দ বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবার একটি মাধ্যম। দীর্ঘদিন ধরে আমি মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে চরবাণী পাকুরিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”
তৃণমূল বিএনপির নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ, সততা, নেতৃত্বগুণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে জাকারিয়া আকন্দ বর্তমানে চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে তিনি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবায় কার্যকর নেতৃত্ব প্রদান করতে সক্ষম হবেন।
