উপজেলার সংবাদজামালপুরশিক্ষাসদর

জামালপুরে গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী! কলেজ অধ্যক্ষকে শোকজ

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার
জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ শিক্ষার্থী ২০২৫ সালের প্রশ্নপত্রে চলমান এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এ ঘটনায় শোকজ করেছে কলেজ অধ্যক্ষকে।
জামালপুরে চলমান এইচএসসি পরীক্ষায় চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে চলতি এইচএসসি বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ জন নিয়মিত পরীক্ষার্থী ভুলবশত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়েছেন।
পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০২৫ সাল উল্লেখ থাকতে দেখে বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। এরপর তারা কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত হয়।
পরীক্ষার্থী তিলা জামালি বলেন, পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০২৫ সাল লেখা দেখতে পাই। আমরা দুই বছর ধরে এ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। কিন্তু একটি ভুলের কারণে আমাদের পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়েছে। এতে আমরা খুবই উদ্বিগ্ন।
আরেক পরীক্ষার্থী শারমিন আক্তার বলেন, সারা দেশের শিক্ষার্থীরা এক ধরনের প্রশ্নে পরীক্ষা দিয়েছে, অথচ আমরা ১০০ জন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিলাম। এখন সবচেয়ে বেশি দুশ্চিন্তা হচ্ছে আমাদের ফলাফল নিয়ে। ফল আটকে যাবে কি না, কিংবা কাঙ্ক্ষিত ফল পাব কি না সেটাই ভাবছি। জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৯ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন।
সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের অধ্যক্ষ মীর শওকত আলম মীর জানান, প্রতিটি বান্ডেলের ওপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা থাকলেও ভেতরে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র ছিল। পরীক্ষা শুরুর আগে বান্ডেলের ভেতরের প্রশ্নপত্র যাচাই করার সুযোগ না থাকায় দায়িত্বরত শিক্ষকরা সেটিই পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।
তিনি আরও জানান, ২০২৫ সালের ওই প্রশ্নপত্র মূলত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। বোর্ড কর্তৃপক্ষ ওই ১০০ শিক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠানোর নির্দেশ দেন এবং তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন।
তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক শিক্ষা বোর্ড-ময়মনসিংহের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিকে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৫ সালের সিলেবাসে ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটি তদন্তের পর এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষনা করেছে এবং সেই সাথে শোকজ করেছে কলেজে অধ্যক্ষ মীর শওকত আলম মীরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *