আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে চিকিৎসকের অবহেলায় সাপেকাটা রোগীর মৃত্যু

মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে সাপেকাটা রমিছা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার অবহেলার অভিযোগ করছেন তার স্বজনরা।
সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। রমিছা বেগম উপজেলার তারতাপাড়া এলাকার চান মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে রমিছা বেগমকে সাপে কামড় দেয়। পরে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা বিষধর সাপের কামড় নয় বরং অন্য কোনো প্রাণীর কামড় বলে ধারণা করেন।
স্বজনরা দাবি করেন, এ কারণেই রোগীকে প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হয়নি। সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) দেওয়া হয়নি।
পরে হাসপাতালের বাইরে অবস্থানকালে রমিছা বেগমের শারীরিক অবস্থার অবনতি হয়, পরে স্বজনরা তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। জামালপুর নেওয়ার পথেই রমিছার মৃত্যু হয়।
মৃতের ছেলে লিটন মিয়া বলেন, আমার মাকে হাসপাতালে নিলে ডাক্তার রক্ত পরীক্ষা করে বলেন, এটি সাপের কামড় নয়, চিকা বা অন্য কিছু কামড় দিয়েছে। কোনো অ্যান্টিভেনম দেননি। পরে মায়ের অবস্থা খারাপ হলে আবার হাসপাতালে নিয়ে গেলে জামালপুরে পাঠানো হয়। কিন্তু পথে আমার মা মারা যায়। চিকিৎসকের অবহেলার কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ বলেন, সাপেকাটা রোগী এলে আমরা সরকারি চিকিৎসা প্রোটোকল অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করি। রক্ত পরীক্ষার পাশাপাশি বিষধর সাপের কামড়ের বিভিন্ন লক্ষণ পাওয়া যায়নি। তাই তখন অ্যান্টিভেনম দেওয়া হয়নি।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, রোগীর প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছিল। অ্যান্টিভেনম দেওয়ার প্রস্থতি নেওয়া হলেও রোগীর স্বজনরা তাকে নিয়ে চলে যান। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *