সরকারি নিয়োগ ছাড়াই ইউনিয়ন ভূমি অফিসে কম্পিউটার পরিচালনা, অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ

মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নিয়োগ ছাড়াই দীর্ঘদিন ধরে এক ব্যক্তি কম্পিউটার অপারেটরের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা দিতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।
অভিযোগে জানা যায়, সিহাব (৩৪) নামে ওই ব্যক্তি কোনো সরকারি নিয়োগ বা অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ভূমি অফিসের কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন দাপ্তরিক কাজ, অনলাইন তথ্য এন্ট্রি, সরকারি তথ্য আদান-প্রদান এবং নাগরিক সেবাসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ৩ নম্বর গুনারীতলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা বদরুল রশিদ বলেন, “ওই ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়নি। তবে অফিসের কাজের সুবিধার্থে মাঝে মাঝে তাকে দিয়ে কিছু কাজ করানো হয়।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিহাব ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। পরে তিনি কোনো মন্তব্য না করেই অফিস ত্যাগ করেন।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি নিয়োগ বা অনুমোদন ছাড়া একজন ব্যক্তি কীভাবে দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরের কম্পিউটার ব্যবহার করে সরকারি তথ্য আদান-প্রদান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন? পাশাপাশি, সেবা নিতে আসা মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
