উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

সংসদে জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের বিদ্যুৎ সংকট নিরসনের জোরালো দাবি

সংসদ প্রতিবেদক:
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল জাতীয় সংসদে তাঁর নির্বাচনী এলাকার বিদ্যুৎ সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তিনি বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সমস্যা এখন মানুষের অন্যতম প্রধান উদ্বেগের বিষয়। এলাকার জনগণের প্রত্যাশার কথা বিবেচনায় নিয়ে তিনি সংসদে এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম কার্যদিবসে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৪৩ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ২৭ মেগাওয়াট। অফ-পিক আওয়ারে ৩৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ২৫ মেগাওয়াট। ফলে গড়ে ৩৪ থেকে ৩৮ শতাংশ লোডশেডিং হচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বিদ্যুৎ মন্ত্রীর কাছে জানতে চান, কবে নাগাদ এই সংকট থেকে উত্তরণ সম্ভব হবে এবং কবে এলাকার গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে।
জবাবে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ময়মনসিংহ অঞ্চলে ট্রান্সমিশন লাইনের সীমাবদ্ধতার কারণে এ সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে নতুন ট্রান্সমিশন লাইন নির্মাণের বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে।
তিনি বলেন, ট্রান্সমিশন লাইনের জন্য বড় বড় টাওয়ার নির্মাণে জমি-সংক্রান্ত জটিলতা ও আদালতের স্থগিতাদেশের কারণে কাজ বিলম্বিত হয়েছে। তবে জয়দেবপুর-শম্ভুগঞ্জ ট্রান্সমিশন লাইনের বিষয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সরকার বিজয়ী হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় খুব শিগগিরই পুনরায় কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রকল্পটির কাজ সম্পন্ন হলে ময়মনসিংহ অঞ্চলের পাশাপাশি জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ এলাকার বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হবে এবং লোডশেডিং অনেকাংশে কমে আসবে।
সংসদে স্থানীয় জনগণের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার বিষয়টি দৃঢ়ভাবে উপস্থাপন করায় জামালপুর-৩ আসনের মানুষের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *