উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন কে দেখতে চান  তৃণমূল বিএনপি নেতাকর্মী ও ভোটারবৃন্দ

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:

আসন্ন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং নাংলা ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জাকিরের নাম স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে। তৃণমূল বিএনপির নেতাকর্মী ও ভোটারদের দাবি, দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করেন জাকির হোসেন জাকির। ১৯৯০ সালে তিনি মেলান্দহ সরকারি কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৩ সালে নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, নেতাকর্মীদের পাশে থাকা, রাজনৈতিক সংকটে নেতৃত্ব দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তাদের ভাষ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে তিনি একাধিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হন। বিভিন্ন সময়ে আহত হয়ে চিকিৎসা নিতে হয়েছে এবং কারাবাসও করতে হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক আদর্শে অটল থেকে তিনি এসব পরিস্থিতি মোকাবিলা করেছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে স্থানীয়রা জানান। করোনা মহামারির সময় অসহায় মানুষের মাঝে খাদ্য, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক উদ্যোগে অংশ নেন তিনি। এখনও অসুস্থ, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে নিয়মিত দাঁড়ান বলে স্থানীয়দের দাবি। তাঁর সাদাসিধে জীবনযাপন, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে বলেও সমর্থকদের অভিমত।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাংলা ইউনিয়নের উন্নয়ন, সুশাসন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যাশায় ভোটাররা অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব খুঁজছেন। এ প্রেক্ষাপটে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন জাকিরের নাম আলোচনায় রয়েছে।

এ বিষয়ে জাকির হোসেন জাকির বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবা করার একটি দায়িত্ব। দল যদি আমার ওপর আস্থা রাখে এবং ইউনিয়নবাসী আমাকে সেবার সুযোগ দেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও জনকল্যাণমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”

স্থানীয় তৃণমূল বিএনপির নেতাকর্মী ও একাংশের ভোটারদের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক অভিজ্ঞতা, সততা, জনপ্রিয়তা এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে মো. জাকির হোসেন জাকির আসন্ন নাংলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদের একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তাদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তাঁকে ঘিরে ঐক্যবদ্ধভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে এবং তিনি ব্যাপক জনসমর্থন লাভ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *