প্রকল্পই নেই তবু পাকা সড়কের কথা বলে সড়কের ইট তুলে বিক্রি প্রতারক চক্রের ১১ জন জেলহাজতে
কাফি পারভেজ, স্টাফ রিপের্টার:
জামালপুর সদরের রশীদপুর ইউনিয়নের পাকুল্যা ভাঙ্গুনী ঘাট থেকে গজারী আটা ভাঙা ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার গ্রামীণ সড়কের ইট তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
সড়কটি পাকা করার কথা বলে সংসদ-সদস্যকে দিয়ে উদ্বোধন করিয়ে ইট তুলে নেওয়া হলেও পরে জানা যায়, ওই সড়কের কোনো উন্নয়ন প্রকল্পই ছিল না। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পাকুল্যা ভাঙ্গুনী ঘাট থেকে গজারী আটা ভাঙা ব্রিজ পর্যন্ত সড়কটিতে ইটের সলিং নির্মাণ করা হয়। এতে গজারী আটা, গুপিনাথপুর, হাটুভাঙ্গা ও ডুয়াইলপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমে আসে। ইট তুলে নেওয়ার পর সড়কজুড়ে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
প্রায় দুই মাস আগে ঠিকাদার পরিচয়ে একটি চক্র সড়কটি পাকা করার কথা বলে পুরো দুই কিলোমিটার অংশের ইট খুলে নিয়ে যায়। একইভাবে সদর উপজেলার আরও দুটি গ্রামীণ সড়ক থেকেও ইট তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা জানতে পারেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পক্ষ থেকে এসব সড়ক পাকা করার কোনো প্রকল্পই গ্রহণ করা হয়নি।
ইট তুলে নেওয়ার পর সড়কজুড়ে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন না কৃষকরা, শিক্ষার্থীদের স্কুলে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং জরুরি স্বাস্থ্য সেবাও ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে তাদের একমাত্র চলাচলের সড়কটি নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে তারা শিক্ষা, স্বা¯’্য, কৃষি ও অন্যান্য মৌলিক সেবা থেকে কার্যত বঞ্চিত হচ্ছেন। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় কৃষক আব্দুল হালিম জানান, সড়কের বেহাল অবস্থার কারণে উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। দ্রুত সড়কটি পাকা করা সম্ভব না হলে অন্তত আগের মতো ইটের সলিং পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় শিক্ষার্থী শিহাব, রুকন ও কমল মিয়া জানায়, যানবাহন চলাচল বন্ধ থাকায় তাদের দীর্ঘ পথ হেঁটে বিদ্যালয়ে যেতে হচ্ছে। এতে সময় ও শ্রম দুটোই বেশি ব্যয় হচ্ছে এবং লেখাপড়ায় নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, সদর উপজেলার তিনটি সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধির পক্ষ থেকে মামলা করা হয়েছে। বর্তমানে ওই সড়কগুলোর কোনো উন্নয়ন প্রকল্প চলমান নেই। তবে মানুষের দুর্ভোগ বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
সদ-সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন যুগান্তরকে বলেন, প্রতারক চক্র উন্নয়ন কাজের কথা বলে তাকে উদ্বোধনে নিয়ে যায়। পরে প্রকৃত ঘটনা জানতে পেরে তার উদ্যোগে মূল হোতা আবদুল মান্নানসহ ১১ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং মামলা করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, দ্রুত দরপত্র আহ্বান করে সড়কটি সংস্কারের ব্যবস্থা করা হবে।
