অন্যান্য

জামালপুরে সড়কে সিএনজি ও ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু আহত ৪

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় রবিবার দুপুর তিনটায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে সিএনজি ও ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা নামে এক গৃহবধূসহ অজ্ঞাত পরিচয়ে আরও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫) ও শফিকুল ইসলাম (৪০) ও এনজিও কর্মী ফাতেমা আক্তার (৫২)। নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা জামালপুর শহরের দিকে রওনা দিয়ে মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন অটোরিকশা চালকসহ ৬ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত দুই নারী যাত্রীর মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই নারী মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জানতে পেরে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *