উপজেলার সংবাদজামালপুরসদর

আন্তর্জাতিক অঙ্গনে এ সরকারের গ্রহণযোগ্যতা নেই বিশ্বের কোনো দেশই সরকারকে সহযোগিতা দিচ্ছে না –  নাহিদ ইসলাম

কাফি পারভেজ,স্টাফ রিপোর্টার:

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই বিএনপি সরকার, যারা বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে। পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কীভাবে?
আমরা দেখেছি অতীতেও বিএনপি সরকার রাষ্ট্রপতি নিয়ে অনেক তালবাহানা করেছে। কোনো জনপ্রিয় নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় না, তারা এতটা ভয় পায়। সবকিছু কুক্ষিগত করতে চায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে জুলাই পদযাত্রা’ শেষে জেলা ও সদর উপজেলা এনসিপির আয়োজনে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির বিরুদ্ধে গণহত্যায় সমর্থন ও দুর্নীতির স্পষ্ট প্রমাণ রয়েছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, তাঁকে শুধু পদত্যাগ করালেই চলবে না, পদত্যাগের পরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একজন নিরপেক্ষ, অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। রাষ্ট্রপতির পদত্যাগের পর একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, গত বছরও জামালপুরে এসেছিলাম। তখন যেমন জামালপুরবাসী আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। কয়েকদিন আগে জামালপুরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। সেই ঘটনায় এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আমি জেলা পুলিশ প্রশাসন ও পুলিশ সুপারের কাছে জানতে চাই।

সংস্কার প্রসঙ্গে নাহিদ বলেন, সংস্কার বাস্তবায়ন ও জনগণের ৭০ শতাংশ ম্যান্ডেট পূরণে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। পুলিশ যেহেতু সংস্কার হয়নি, অতি শীঘ্রই আবারও পুলিশ দলীয়করণ হবে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ হবে। ফলে দেশের কোনো পরিবর্তন হবে না। এই সরকার পরিবর্তনের সরকার নয়।

প্রধানমন্ত্রীকে ঈঙ্গিত করে নাহিদ বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে কোনো ধরনের বৈদেশিক সহায়তা পাওয়া যাবে না। আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা না থাকায় এবং সংস্কার এগিয়ে না নেওয়ায় বিশ্বের কোনো দেশই বর্তমান সরকারকে ঋণ বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা দিচ্ছে না। চীন সফর করে এসেছে, কিন্তু শূন্য হাতে দেশে ফেরত আসতে হয়েছে। তারেক রহমান কোনো সহযোগিতা পাবে না যদি তিনি জাতীয় ঐক্য দেখাতে না পারেন। আমরা একসাথে কাজ করতে চাই, দেশটা পরিবর্তন করতে চাই।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরো বলেন, আপনারা গণভোটের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু এখনও জুলাই সনদ গ্রহণ করা হয়নি। সরকার এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে কতজনের চাকরি হয়েছে? জুলাই সনদ বাস্তবায়নে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখছি না।

নাহিদ ইসলাম আরো বলেন, সরকার যদি জাতীয় ঐক্যকে গুরুত্ব না দেয়, তাহলে তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সরকার যদি মনে করে ভয় পাওয়ার কিছু নেই, তাহলে মনে রাখা উচিত যেভাবে জুলাই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, প্রয়োজন হলে বাংলাদেশের ছাত্ররাই আবার এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে।

এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন এনসিপির নেতাকর্মীরা। পরে শহরজুড়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়।

পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় যুবশক্তির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল, জেলা এনসিপির সদস্য সচিব মোশাররফ হোসেন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে এ্যাডভোকেট আবু সাইদ মো. শামীম এবং জামালপুর পৌরসভার মেয়র পদে আবিদ সৌরভকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *