উপজেলার সংবাদজাতীয়জামালপুরমেলান্দহ

জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির প্রেরণা”—মেলান্দহে এমপি বাবুলের শ্রদ্ধা নিবেদন

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের মেলান্দহে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মো. মোস্তাফিজুর রহমান বাবুল শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মেলান্দহ উপজেলার বীর শহীদ আবুজার, শহীদ জসিম ও শহীদ আমজাদ হোসেনের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদদের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

এ সময় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু, সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রহিম, গোলাম হাফিজ নাহিন, সাংগঠনিক সম্পাদক নূরনবী মণ্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিব হাসান রনি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের সংগ্রামে আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা বলেন, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্য দিয়েই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *