আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: সহকারী জজের মৃত্যু

শহর প্রতিনিধি:
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাইভেটকারটির চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হন।
সোমবার ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুরের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুর ফিরছিলেন ছামিউল হক। পথিমধ্যে লাহিড়ীকান্দা এলাকায় দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই সহকারী জজ।
পুলিশ জানায়, একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় ট্রাকের চালক ও হেলপার সেটিকে সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় দ্রুতগামী প্রাইভেটকারটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *