মেলান্দহে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক
মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার মান সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে; নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে তোমরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে।”
তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং শিক্ষক-অভিভাবকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, জ্ঞান, দক্ষতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হওয়ার পরামর্শ দেন।
বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষ বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুন আরা বলেন, “শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আহাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞান শিক্ষার প্রসার এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
